আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের কাছে পরিচয়পত্র উপস্থাপন করেছেন দেশটির বাংলাদেশর নতুন রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দিকি। বুধবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে অনাড়ম্বর কিন্তু আকর্ষণীয় অনুষ্ঠানে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেন রাষ্ট্রদূত।
সাক্ষাতকারে রাষ্ট্রদূত রিপাবলিক অব আজারবাইজান সৃষ্টিতে সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্টর পিতা হেয়দার আলিয়েভের অনুপ্রেরণামূলক নেতৃত্বের কথা স্মরণ করেন। একই সময়ে বাংলাদেশের অভ্যুদয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণ করেন। রাষ্ট্রদূত আজারবাইজান ও বাংলাদেশের ভাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের মধ্যে মিথস্ক্রিয়া বৃদ্ধি ও উদ্যোগের বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের করতে আহ্বান জানান।
রাষ্ট্রদূতের আহবানে প্রেসিডেন্ট আলিয়েভ বলেছেন, আজারবাইজানের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রী বাংলাদেশ সফর করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সফর নিকট ভবিষ্যতে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের সফরের পথ সুগম করবে। আলোচনার সময়ে দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এছাড়া বাণিজ্য, কৃষি, শিক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুইজন আলোচনা করেন।
ইত্তেফাক/এসএসএ
