সিলেট শ্রমিক ঐক্য পরিষদের অবরোধ, গাড়ি ভাঙচুর

আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২১:১৭
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বুধবার আয়োজিত অবরোধ চলাকালে সিলেট নগরীর বিভিন্ন স্থানে প্রায় শতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। 
 
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৬ দফাসহ বিভিন্ন দাবিতে জেলা পরিবহন শ্রমিকরা দিনভর অবরোধ কর্মসূচি পালন করে। 
 
দাবি গুলো হলো- দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার, অবৈধ দোকানপাট উচ্ছেদসহ ৪ দফা দাবি বাস্তবায়ন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সিলেটের সকল পৌরসভায় যানবাহন থেকে পৌর ট্যাক্স আদায় বন্ধ করা, সিলেটের সকল সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ করা, ট্রাফিক হয়রানি বন্ধ করা প্রভৃতি। 
 
অবরোধের ফলে কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী থেকে কোন বাস দূরপাল্লায় ছেড়ে যায়নি এবং দূরপাল্লা থেকে কোন গাড়ি কদমতলী টার্মিনালে ঢুকতে পারেনি।
বিকালে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদের ফলিক। 
 
সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সজিব আলী,  সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রকিব, ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, শ্রমিক নেতা রনু মিয়া মঈন, সুন্দর আলী খান, আজাদ মিয়া, নিখিল বাবু, ইনসান আলী, মতছিল মিয়া, খলিলুর রহমান, আজাদ মিয়া, শাহজামাল, তেরা মিয়া প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি