সিলেট-জকিগঞ্জ যেনো দুর্ভোগের সড়ক

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ০৩:৫২
দুর্ভোগের সড়কে পরিণত হয়েছে সিলেট-জকিগঞ্জ। এ সড়ক সিলেট জেলার দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানী বাজার, কানাইঘাট, জকিগঞ্জ উপজেলার ১৪টি বাজারের মধ্যে দিয়ে গেছে।
 
প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার লোকসহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা উপজেলা থেকে জেলা শহর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। এছাড়া ভারতের সঙ্গে জকিগঞ্জের কাস্টমস ও ইমিগ্রেশনে দুই দেশের যাতায়াতকারীসহ আমদানি-রপ্তানির পণ্যবাহী গাড়ি এ সড়ক ব্যবহার করে। কিন্তু বর্তমানে সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি জমে আছে। এতে স্থানীয় লোকজনসহ ভারত থেকে ভ্রমণে আসা লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারের পূর্বে সাচান যাত্রী ছাউনির সামনে থেকে শুরু করে জকিগঞ্জ পৌরসভা পর্যন্ত সড়কটির কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে গাড়ি আটকা পড়ে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকে।
 
জকিগঞ্জ উন্নয়ন সংস্থা সিলেটের চেয়ারম্যান আহসান হাবীব জানান, সড়কটি সংস্কারসহ অন্য দাবি উল্লেখ করে গত ২৯ মে জেলা প্রশাসক সিলেটের মাধ্যমে যোগাযোগ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি।
 
ইত্তেফাক/এএন