গাংনীর সাহারবাটিতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ০৯:০০
 
গাংনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাহারবাটি ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বুধবার বিকেলে ঢাক-ঢোলের তালে তালে, শিশু-কিশোরদের বিভিন্ন রকম ডিসপ্লের মধ্য দিয়ে হাজার হাজার নারী-পুরুষ দর্শকদের মুহুর্মুহু করতালির শব্দে জাতীয় পর্যায়ের সাজ-সজ্জার আদলে ঝলমলে আয়োজনে খেলার শুভ উদ্বোধন করা হয়।
 
ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের ডিজিএম রমেন চন্দ্র রায়, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক।
 
IMG0
 
প্রধান অতিথির বক্তব্যে এমপি মকবুল হোসেন বলেন, এদেশের বড় বড় তারকা ফুটবলার, ক্রিকেটারসহ বিভিন্ন খেলোয়াড়দের জন্ম হয়েছে গ্রামে। তাই খেলাধুলা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় পর্যায়ের তারকা খেলোয়াড় তৈরি করতে হবে।
 
তিনি বলেন, খেলাধুলা মানুষের মানসিক ও শারীরিক বৃদ্ধি ঘটায়। তাই বেশী বেশী করে খেলাধুলার আয়োজন করতে হবে।পরে তিনি আয়োজকদের দাবির প্রেক্ষিতে সাহাররবাটীতে স্টেডিয়াম করার ঘোষণা দেন।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আক্কাস আলী, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক ফুটবলার ও সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, তামজিদুর রহমান মুক্তি, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতুল বিশ্বাস প্রমুখ।
 
IMG1
 
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গাংনী প্রগতি ক্লাব ফুটবল একাদশকে ৩-০ গোলে ধলা ফুটবল একাদশ পরাজিত করে।
 
টুর্নামেন্টে এলাকার ১৬ টি দল অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন সাহারবাটি ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মহাইমেনুল হক মিঠুন।
 
ইত্তেফাক/আরএ