সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২২:৫৭

রংপুরে তিন মুক্তিযোদ্ধাকে সম্মাননা

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সোমবার দুপুরে তিন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট কমান্ডের আওতাভুক্ত তিনজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, বিপিএম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিটের কমান্ডার ও এফবিসিসিআই এর পরিচালক এবং রংপুর চেম্বারের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. মোছাদ্দেক হোসেন বাবলু। এ সময় দৈনিক দাবানল সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল, কাউনিয়ার মুক্তিযোদ্ধা মো. শামছুল হক ও পীরগঞ্জের মুক্তিযোদ্ধা মো. মোজাফফর হোসেনকে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে উত্তরীয় ও উপঢৌকন দেওয়ার মাধ্যমে সম্মাননা দেওয়া হয়।

বিরামপুরে গণহত্যা দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুর উপজেলা প্রশাসন ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার বিস্তারিত আলোচনা সভার আয়োজন করে। উপজেলা অডিটরিয়ামে ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার, থানার ওসি (তদন্ত) সোহেল রানা, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, সরকারি কলেজের উপাধ্যক্ষ আদিত্য কুমার অপু প্রমুখ।

গণহত্যা দিবসে পাকুন্দিয়ায় আলোচনা সভা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পাকুন্দিয়ায় সোমবার আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফাইজ উদ্দিন আকন্দ, উপজেলা মত্স্য কর্মকর্তা জিয়াউল হাসান জুয়েল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মজিবুর রহমান প্রমুখ।

গুডনেইবারস্ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান উত্সব

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুডনেইবারস্ বাংলাদেশ সিডিপির উদ্যোগে ঘাটাইলে সোমবার দিনব্যাপী বিজ্ঞান উত্সবের আয়োজন করা হয়। শালিয়াজানি গুডনেইবারস্ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খুদে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরা ৫টি স্টলে ৫০টি আবিষ্কারকৃত নতুন প্রযুক্তি প্রদর্শন করেন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা মেলায় অংশ নেয়। সকালে মেলার উদ্বোধন করেন পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নেছা।

কোস্টগার্ডের নৌযান চলাচল বন্ধকরণ সংক্রান্ত সমন্বয় সভা

ভোলা (উত্তর) প্রতিনিধি ভোলায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের  আয়োজনে লঞ্চ মালিক ও বিভিন্ন নৌযান মালিকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সোমবার। উপকূলীয় অঞ্চলে মৌসুমী অশান্ত নৌপথে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সি-সার্ভে/বেক্রসিং সনদধারী নৌযান ব্যতীত সকল যাত্রিবাহী নৌযান চলাচল নিষিদ্ধের লক্ষ্যে এ সভা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের সম্মেলন কক্ষে সভায় কোস্টগার্ড, জেলা প্রশাসকের প্রতিনিধি, পুলিশ সুপার, বিআইডব্লিউটিএ’র সহাকারী পরিচালক, লঞ্চ মালিক, বিভিন্ন রুটের খেয়াঘাটের ইজারাদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বরিশালে পরিষ্কার অভিযান

বরিশাল অফিস বরিশালে ইশ্বরের মণ্ডলী নামক কোরিয়ান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সোমবার পরিষ্কার অভিযান পরিচালিত হয়। সংগঠনের উদ্যোগে নগরীর সিএন্ডবি রোড এলাকার সড়কের দুপাশে আবর্জনা পরিষ্কার করা হয়। প্রায় ৫০ জন সদস্যের অংশগ্রহণে দিনব্যাপী এ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়। বরিশাল সিটি করপোরেশনের সিএন্ডবি রোডের এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক।

‘জাটকা সংরক্ষণ কৌশল’ শীর্ষক কর্মশালা

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারে ‘ইলিশ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা:জাটকা সংরক্ষণ কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রবিবার শেষ হয়। সমাপনী দিনে বক্তব্য রাখেন কক্সবাজারস্থ সামুদ্রিক মত্স্য গবেষণা ও প্রযুক্তি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জুলফিকার আলী। আরো বক্তব্য দেন সামুদ্রিক মত্স্য গবেষণা ও প্রযুক্তি কেন্দ্রের উপ-পরিচালক ড. আবদুর রাজ্জাক ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান প্রমুখ।

কালাইয়ে গণহত্যা দিবস পালন

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা কালাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা হয়। এ সময় কালাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন, কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

হাতিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা গণহত্যা দিবস উপলক্ষে সোমবার  হাতিয়া উপজেলার এএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও যুদ্ধকালীন কমান্ডার অধ্যাপক ওয়ালী উল্যাহ। বক্তব্য রাখেন— মুক্তিযোদ্ধা রফিকুল আলম, কাজী আওরঙ্গজেব, বিনয় ভূষণ দাস, খোন্দকার আবুল কালাম প্রমুখ।

মৌলভীবাজারে গণহত্যা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি গণহত্যা দিবস উপলক্ষে সোমবার মৌলভীবাজারে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।

বালিয়াকান্দিতে চেয়ারম্যান আজাদ, ভাইস চেয়ারম্যান মনির-খোদেজা

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন তিনবারের উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির (তালা) বিজয়ী হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খোদেজা বেগম (হাঁস)। রবিবার বালিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গৌরনদীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা গৌরনদীর কুতুবপুর মডেল উচ্চ বিদ্যালয় ও একই স্থানে প্রতিষ্ঠিত গোলাম হাফিজ মৃধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও স্কুল ড্রেস বিতরণী শনিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদীর পৌর মেয়র মো. হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. জলিল প্রমুখ।

গণহত্যা দিবস উপলক্ষে শ্রীবরদীতে আলোচনা সভা

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা শ্রীবরদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আহম্মদ আকন্দ প্রমুখ।

বকশীগঞ্জে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা বকশীগঞ্জ উপজেলার মেরুরচর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রবিবার। মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মনিরুজ্জামান ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ও মোস্তাফিজুর রহমান ক্রিকেট একাদশ রানার্সআপ হয়। ম্যান অব দ্য সিরিজ হন বিজয়ী দলের অধিনায়ক মনিরুজ্জামান মনির। পরে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম শাহীন আল আমীন।