ফরিদপুরের মধুখালী উপজেলায় স্বামীর হাতে মধুমালা (২২)নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনার পর থেকে তার স্বামী নিত্য মণ্ডল একমাত্র শিশু ছেলে রাজকে (২) নিয়ে পলাতক রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার পৌর বাজার সংলগ্ন জোয়াদ্দার মার্কেটের পিছনে একটি ছাপড়া ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহতের মা সুচিত্রা জানান, ছয়/সাত বছর আগে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের মৃত রামকোমল বালার মেয়ে মধুমালা বালা মেগচামী ইউনিয়নের শিবপুর গ্রামের নিত্য মণ্ডলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। নিত্য প্রায়ই মধুবালাকে মারধর করত।
তিনি আরো জানান, নিত্য মণ্ডল মধুখালী পৌর বাজারের একটি ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করেন। ওই মার্কেটের পিছনেই একটি টিনের ছাপড়া ঘরে স্ত্রী ও শিশু ছেলেকে নিয়ে বসবাস করত।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, মধুমালার গলায় ক্ষত চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/এমআর/এএসএমইউ