রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার ঘটনায় দোষীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, ‘ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের মত পবিত্র স্থানে পড়াশোনা করতে এসে যদি লাশ হয়ে মায়ের বুকে ফিরে যেতে হয় তবে দেশের অন্যান্য স্থান কতটুকু নিরাপদ?’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার চাচা বশির উদ্দিন মতিহার থানায় মামলা করলেও এখন পর্যন্ত হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন।
ইত্তেফাক/এএসএমইউ
