রোগীদের দরদ দিয়ে চিকিৎসা সেবা দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৯:৩৯
 
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, চিকিত্সা শুধু একটি পেশা নয়, একটি মহান ব্রত। তাই চিকিত্সকদের আরো আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। রোগীদের প্রতি দরদ দিয়ে চিকিত্সা সেবা দিতে হবে।
 
বৃহস্পতিবার শেরেবাংলা নগরস্থ কিডনী অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটে (নিকডু) ‘ইউরোগাইনো রেডিওলজী অ্যান্ড ইমেজিং’ শীর্ষক সেমিনার ও কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
চিকিত্সা সেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সমাজের বিত্তবানরা চিকিত্সা সেবায় যথেষ্ট অনুদান দিতে পারেন। নিজের নামে একটা ওয়ার্ড করে দিতে পারেন, অ্যাম্বুলেন্স দিতে পারেন। হাসপাতলের লাইব্রেরিটা উন্নত করে দিতে পারেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণকে স্বস্থ্যসেবা দিতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও এগিয়ে আসতে হবে। সরকার উত্সাহ দিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিবছর নতুন নতুন মেডিক্যাল হাসপাতাল প্রতিষ্ঠা করা হচ্ছে। জেলা ও থানা পর্যায়ের হাসপাতালগুলোর রোগীদের আসন বাড়ানো হচ্ছে। নতুন নতুন যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্যই আজ বাংলাদেশের মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া সম্ভব হয়েছে। আগামীতে দেশের বিভিন্ন হাসপাতালে ৫০ টি ডায়ালাইসিস মেশিন বসানো করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সেমিনারে সভাপতিত্ব করেন নিকুড’র পরিচালক ডা. এম নুরুল হুদা লেলিন।
 
ইত্তেফাক: এএম।