বকেয়া বেতন পরিশোধ করতে না পারায় কুমিল্লা মহানগরীর একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ৮২ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি কর্তৃপক্ষ।
এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনসহ প্রতিবাদ মিছিল করে। এ সময় শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নানকে প্রায় ২ ঘণ্টা তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। বৃহস্পতিবার বিকালে নগরীর কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুলে এ ঘটনা ঘটে।
জানা যায়, নগরীর রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহনের জন্য ৯১ জন শিক্ষার্থী ১৮ অক্টোবর থেকে বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিল। বৃহস্পতিবারও তারা নির্ধারিত ভূগোল ও রসায়ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য দুপুরে বিদ্যালয়ে আসে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ বকেয়া পরিশোধকারী ৯ জন ব্যতীত অপর শিক্ষার্থীদের পরীক্ষার হলে ঢুকতে দেয়নি। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওই বিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে এবং পরীক্ষা নেয়ার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নানকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান জানান, যারা বকেয়া বেতন পরিশোধ করেনি তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি। তবে তাদের পূনরায় পরীক্ষা নেয়া হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, খোঁজখবর নিয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
