জাতীয় কবি নজরুলের দর্শন ও চেতনাকে জাতীয় জীবনে ধারণ করতে হবে। আজ দেশে যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে এই পরিস্থিতি মোকাবিলায় কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানুষে মানুষে সাম্যের চেতনাকে ছড়িয়ে দিতে হবে। তরুণ প্রজন্মের মাঝে এই সাম্যের বাণী ছড়িয়ে দিতে পারলে তারা এক সুন্দর নতুন পৃথিবী গড়ে তুলবে। এ প্রত্যয়ে গতকাল রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হয়েছে ‘নজরুল মেলা’। নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ আয়োজিত এ মেলার মূল প্রতিপাদ্য- ‘আমরা সৃজিব নতুন জগত্, আমরা গাহিব নতুন গান’। গানে
‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘আমার আপনার চেয়ে আপন যে জন’, ‘সাকি দিল দোলা প্রাণে’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’,‘ সখী মোর বনলতা’ — এ রকম নজরুলের নানা মাত্রার গানে মুখর ছিল অনুষ্ঠানস্থল।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন শিল্পী ফেরদৌসী রহমান, কবি-নাতনি খিলখিল কাজী ও অনিন্দিতা কাজী এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন। এ আয়োজন উত্সর্গ করা হয়েছে শিল্পী আব্বাসউদ্দীন আহমেদ, ফিরোজা বেগম ও সোহরাব হোসেনকে। মেলার পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ব্যাংক।
সন্ধ্যায় মেলার উদ্বোধনী পর্বে পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় শিল্পী ফাতেমা তুজ জোহরা, সুজিত মোস্তফা ও নাশিদ কামালকে। সম্মাননা হিসেবে তাদের ক্রেস্ট ও ৫০ হাজার টাকার সম্মানী প্রদান করা হয়। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শিল্পী মোস্তফা জামান আব্বাসী, শিল্পী খালিদ হোসেন ও এম এ মান্নান। অনুষ্ঠানে আব্বাস উদ্দীনের গাওয়া ৬৯টি গানের সিডি ‘ভুলিতে পারিনি তাই’ এবং পরিষদের শিল্পীদের গাওয়া গান নিয়ে আরেকটি সিডির মোড়ক উন্মোচন করা হয়।
এর আগে সকালে পরিষদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৬১ জেলার দুইজন করে প্রতিনিধি।
জেলার শিল্পীদের পরিবেশনায় শুরু হয় বিকালের অধিবেশন। এতে নজরুলের গান পরিবেশন করেন দিনাজপুরের ড. শহিদুল ইসলাম খান, জামালপুরের জহিন আখতার, কিশোরগঞ্জের সিরাজুল ইসলাম, কুষ্টিয়ার ইস্রাফিল হোসেন, ময়মনসিংহের বিজর কুমার তপাদার, নোয়াখালির কামাল উদ্দিন, পঞ্চগড়ের সত্যেন্দ্রনাথ রায়, পিরোজপুরের মাহফুজুর রহমান, রাজশাহীর সুখেন্দু শেখর সরকার, সিরাজগঞ্জের হানিফ মোহাম্মদ, সুনামগঞ্জের দেবদাস চৌধুরী, সিলেটের বিজন রায়, ঠাকুরগাঁওয়ের মোজাম্মেল হক বাবলু, নরসিংদীর সন্তোষ কুমার সূত্রধর, ঝিনাইদহের তানজিম তাবাসসুম অর্থি প্রমুখ। এদিকে, দলীয় সঙ্গীত পরিবেশন করেন নজরুল ইনস্টিটিউট, গীতি শতদল, আইইউবির শিল্পীরা।
অনুষ্ঠানের পাশাপাশি মেলাস্থলে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন, নিমফিয়া, নজরুল ইনস্টিটিউট, এন এস এস পি ও লেজার ভিশনের স্টল।
এদিকে, আজ মেলার দ্বার খুলে যাবে সকাল পৌনে দশটাতেই। শুরুতেই রয়েছে শিশু শিল্পীদের গান ও পরিষদের জেলা পর্যায়ের শিল্পীদের পরিবেশনা। বিকাল তিনটায় ঢাকা ও অন্যান্য জেলার শিল্পীদের পরিবেশনা দিয়ে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। সন্ধ্যায় রয়েছে নৃত্য, আবৃত্তি ও সঙ্গীত।
অতুলের গানে মুগ্ধতা ছড়ালেন লিসা-সিফায়েত
অতুলপ্রসাদের নির্বাচিত সৃজনশীল গানের সম্ভার নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেইটের ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। ‘মম মনের বিজনে’ শীর্ষক অনুষ্ঠানে একক গান পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মধ্যে হূদয়ে উষ্ণতা ছড়ান শিল্পী লাইসা আহমদ লিসা ও সিফায়েত উল্লাহ। দেড় ঘণ্টাব্যাপী এই আয়োজনে বাংলা কাব্যসঙ্গীতের মূল মেজাজটি অক্ষুণ্ন রেখে শিল্পীদ্বয় কখনো কীর্তন, কখনো বাউল আঙ্গিকের গান পরিবেশন করেন।
নজরুল একাডেমির নজরুল স্মরণে অনুষ্ঠান
নজরুল একাডেমী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের আলোকে নিয়মিত মাসিক অনুষ্ঠানের আসর রয়েছে আজ। শুক্রবার বিকাল ছয়টায় মগবাজারের নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নজরুল সঙ্গীত ও নজরুল কেন্দ্রিক আলোচনা, নৃত্য, আবৃত্তি ইত্যাদি পরিবেশনা থাকবে
ইত্তেফাক/এএন
