ধ্বংসের পথে পাবনার জমিদার আজিম চৌধুরীর বাড়ি

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ০১:৩৭
পাবনার এক সময়ের একমাত্র মুসলিম জমিদার আজিম চৌধুরীর বাড়ি সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে। প্রায় ১০ হাজার একর সম্পত্তি  ইতোমধ্যে বেহাত হয়ে গেছে।
 
জমিদার আজিম চৌধুরী প্রায় ২শ’ বছর আগে পাবনার দুলাইয়ে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন। প্রভাবশালী ওই মুসলিম জমিদার বাড়িতে ছিল বিশাল দ্বিতল ভবন, কাছারি ঘর, পাতিশাল-ঘোড়াশাল। অথচ বর্তমানে এখানে একটি বিধ্বস্ত বাড়ির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
 
স্থানীয়রা জানান, জমিদারী প্রথা বিলুপ্তির পর এ জমিদারের বংশধরদের মধ্যে বিরোধের কারণে বাড়িটি দীর্ঘ সময় পরিত্যক্ত ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির প্রায় সবকিছুই লুট করে নিয়ে যায়। এ ভাবেই প্রায় সব সম্পত্তি বেহাত হয়ে যায়।
 
আজিম চৌধুরীর বংশধর আহসান জান চৌধুরী বলেন, ১৯৯৪ সালে এ জমিদারের উত্তরাধিকাররা দীর্ঘ আইনী প্রক্রিয়ার পর বাড়িটি উদ্ধার করলেও তখন এর ধ্বংসাবশেষ ছাড়া কিছুই বাকি ছিল না। তবে এখনো প্রভাবশালীদের দখলে থাকা কয়েক হাজার বিঘা সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়নি।
 
পাবনা জেলা প্রশাসক রেখা রানী বলেন, এ বাড়িসহ আজিম চৌধুরীর  বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এদিকে পাবনা অঞ্চলের বিখ্যাত এ জমিদারের স্মৃতি সংরক্ষণে সরকারি সহযোগিতা চেয়েছেন উত্তরাধিকাররা।
 
ইত্তেফাক/এএন