বৃষ্টি শঙ্কা ঢাকা টেস্ট

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ০৯:৪৯
 
বঙ্গোপসাগরে ঘনিভূত ঘূর্ণিঝড় কায়ান্ট-এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার বেশ বৃষ্টি হয়েছে ঢাকাতে। ফলে শঙ্কা তৈরি হয়েছে- আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট নিয়ে।
 
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ‘আজ শুক্রবার সারাদিনই কমবেশি বৃষ্টির আশঙ্কা আছে ঢাকায়। বাকি চার দিনের মধ্যে রবিবার সারাদিন ও বাকি তিন দিন মাঝে মাঝে বৃষ্টির শঙ্কা আছে।’ বৃষ্টির এই শঙ্কা টেস্টকে তো একটু বিপাকে ফেলেছেই। বিপাকে পড়েছে বাংলাদেশ ম্যানেজমেন্টও।
 
চট্টগ্রামে রোদেলা আবহাওয়ায় দারুণ শুষ্ক উইকেট বানানোয় টার্ন পেয়েছিলেন স্পিনাররা। ঢাকায় এতো টার্নের উইকেট বানানো এমনিতেই দুষ্কর। তার ওপর বৃষ্টি থাকলে উইকেট ঢেকে রাখায় স্যাঁতসেঁতে হয়ে যায়। ফলে শুষ্ক ও টার্নিং উইকেট পাওয়া যায় না।
 
এ ক্ষেত্রে ইংল্যান্ড এই স্যাঁতসেঁতে কন্ডিশনের সুবিধা নিয়ে ফেলার ভয় থাকে। কারণ, তাদের হাতে বেশ কয়েকজন দারুণ ফাস্ট বোলার আছে। আবার বাংলাদেশ ফাস্ট বোলার নিয়েও আছে সংকটে। এখন দলে দু জন ফাস্ট বোলার আছেন। একজন গত টেস্টেই অভিষিক্ত ও অনুজ্জ্বল কামরুল ইসলাম রাব্বি। আরেকজন এখনও অভিষেকের অপেক্ষায় থাকা শুভাশীষ রায়। 
 
প্রাথমিক পরিকল্পনা ছিলো, বাংলাদেশ একজন পেসার নিয়ে খেলবে। বাড়তি স্পিনার হিসেবে শুভাগত হোমকে নেওয়া হবে। কিন্তু উইকেট এমন বিমাতা হয়ে গেলে হয়তো একেবারে আনকোরা দুই পেসারকেই নামিয়ে দিতে হতে পারে।