রামুতে গাড়ি থেকে লাফ দিয়ে অপহরণ থেকে রক্ষা পেল কিশোরী

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১০:৪৭
কক্সবাজারের রামু উপজেলায় চলন্ত অবস্থায় অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে অপহরণকারী চক্রের কবল থেকে নিজেকে রক্ষা করেছে এক উপজাতীয় কিশোরী। এতে ক্ষত-বিক্ষত হয়ে গেছে কিশোরীর মুখ সহ শরীরের বিভিন্ন অংশ।
 
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় রামুর মধ্যম মেরংলোয়া  পুরাতন আরাকান সড়কে প্রাইমারি  স্কুল এলাকায়  এ ঘটনা ঘটে। আহত হ্লা নু প্রু চাক পার্বত্য বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কাউচিং চাকের মেয়ে। আহত কিশোরীকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
 
আহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, হ্লা নুর এসএসসি ও এইচএসসিসহ বিভিন্ন পরীক্ষার মূল সনদ, মোবাইল ফোন সেট ও নগদ টাকা সহ বেশ কিছু মালামাল অপহরণকারী নিয়ে গেছে।
 
জানা গেছে, কিশোরী হ্লা নু প্রু চাক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষে খালু উচাই হ্লা চাকের সঙ্গে বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে তারা রামু চৌমুহনী স্টেশনের নেমে সেখান থেকে নাইক্ষ্যংছড়ি যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন। এ সময় হ্লা নু প্রু চাক কেসিএনজি গাড়িতে রেখে পার্শ্ববর্তী দোখানে পান আনতে যান খালু উচাই হ্লা চাক। এরই ফাঁকে চালক ওই কিশোরী মেয়েকটিকে অপহরণের উদ্দেশ্যে সিএনজিটি নিয়ে সটকে পড়েন।
খালুকে ছাড়াই গাড়ি চলতে থাকায় হতভম্ব হয়ে পড়েন ওই কিশোরী। একপর্যায়ে  রামুর মেরংলোয়া এলাকায় একটি গতিরোধক (স্পিড বেকার) পার হওয়ার সময় চলন্ত গাড়ি থেকে লাফ দেন হ্লা নু  প্রু চাক। এ সময়  স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
 
জানা গেছে, মেয়েটিকে অপহরণের চেষ্টাকারী সিএনজি চালকের নাম মিজান। তার বাড়ি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে।
 
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, ‘বিষয়টি দুঃখজনক।  চালকের বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা দেয়া হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ