ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের করা মন্তব্যের প্রমাণ চেয়েছে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রসঙ্গত, বুধবার সচিবালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতি সভায়
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থী বাছাইয়ে ফুটপাত থেকে অখ্যাত লেখকদের বই কিনে তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয়।’
উপাচার্য বলেন, ‘প্রশ্নপত্র নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের সত্যতা নেই। তিনি কার কাছে বা কোন শিক্ষকের কাছে এমন অসত্য তথ্য শুনেছেন।’
শুক্রবার ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপাচার্য আরো বলেন, ‘ঢাবির প্রশ্ন প্রণয়নে যে স্বচ্ছতা আছে এবং এর যে একটা মান আছে দেশব্যাপী তা স্বীকৃত। এ প্রক্রিয়া নিয়ে কে কী বলেছে, সেটি দেখে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রণয়ন করিনা। বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্রণয়নে একটি প্রক্রিয়া আছে। যেখানে সম্পূর্ণ স্বচ্ছতা মেইনটেইন করা হয়।’
উপাচার্য বলেন, ‘আমরা একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষা অর্জনের যোগ্যতা যাচাই করি।আমরা যে প্রশ্ন করি, তা টেক্সবুক থেকে করা হয়।কোনো গাইড বইয়ের সঙ্গে যদি তা মিলে যায়, তাহলে আমাদের কিছু করার নেই।’
ইত্তেফাক/এএসএমইউ
