কুমিল্লায় রহমত উল্লাহ বাবুল নামে কলেজ অধ্যক্ষের বাসা থেকে খালেদা আক্তার নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে নগরীর আদালত সড়কের বায়তুল নাহার নামে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। খালেদা আক্তার জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের দিনমজুর আবুল হাসেমের মেয়ে।
জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের বাসায় খালেদা আক্তার (১৭) দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকার কাজ করে আসছিল। বৃহস্পতিবার রাতে ওই বাসায় খালেদা মারা যান। শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেনি।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আবদুর রব জানান, ভিকটিমের গলায় দাগ রয়েছে। গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ মৃত্যুর নেপথ্য কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
