টেকনাফে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ২০:৩২
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে তাহেরা বেগম (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ হাজীপাড়া গ্রামের সৌদি প্রবাসী জমিল হোসাইনের স্ত্রী। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে এবং তার স্বামী বিদেশ থাকার সুবাধে শাশুড় বাড়ির লোকজন তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। তারই সূত্রে ধরে বৃহস্পতিবার রাতে তাহেরা বেগম আর নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তাদের দাবি শাশুড় বাড়ির লোকজন তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এ হত্যাকে আত্মহত্যা প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাশুড় বাড়ির লোকজন । তবে নিহতের গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।
 
স্থানীয়রা জানান, ৬ বছর আগে শাহপরীরদ্বীপ হাজীপাড়া গ্রামের সৌদি প্রবাসী জমিল হোসাইনের সঙ্গে সেন্টমার্টিন পূর্ব পাড়ার আবুল বশের মেয়ে তাহেরা বেগমের বিয়ে হয়। পরে তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। কয়েক বছর আগে তার স্বামী বিদেশ পাড়ি দেয়। পারিবারিক কলহের জের ধরে শাশুড় বাড়ির লোকজনের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো।
 
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে থানা পুলিশের এসআই মুফিজুর ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘরের একটি কক্ষের ভেতরে মাটি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
 
তিনি আরো জানান, 'মৃত্যু নিয়ে নানা গুঞ্জন থাকায় লাশ উদ্ধারের পর শুক্রবার সকালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।' ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
 
 
 
ইত্তেফাক/এমআই