টেকনাফে নদীতে ভাসছে লাশ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ২০:৫৯
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফনদীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভেসে থাকার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকে লাশ ভাসতে দেখা গেছে।
 
সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাবরাং স্থানীয় ইউপি মো. ফজলুল হক জানান, স্থানীয় লোকজনের কাছে নাফনদীতে একটি লাশ ভাসমানের খবর শুনেছি। তবে লাশটি মিয়ানমারের কোন রোহিঙ্গা নাগরিকের হতে পারে বলে ধারণা করেন ওই ইউপি সদস্য। ভাসমান লাশটি এখনো উদ্ধার হয়নি। 
 
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, শুক্রবার সকাল থেকে জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় নাফনদীতে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ ভাসমান দেখতে পায়। কিন্তু শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত লাশটি ওই এলাকায় ভাসতে দেখেছেন।
 
এদিকে ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে উপলক্ষে গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকায় নাফনদীতে কেউ নামছে না। তাই ভয়ে কেউ নদী থেকে লাশটি উদ্ধার করতে পারেনি।
 
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ নদীতে লাশ ভাসমানের সত্যতা নিশ্চিত করে বলেন, নাফনদীর শাহপরীর দ্বীপ অংশে একটি অজ্ঞাতনামা লাশ ভাসছে বলে সন্ধ্যায় স্থানীয় লোকজনের কাছে শুনেছি। কিন্তু যাতায়াতের ব্যবস্থা না থাকায় এবং রাতের অন্ধকারে লাশটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাই শনিবার সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করবে।