গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১০:৩৪
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাবেক  সেনা সদস্যের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  নিহত আব্দুর সবুর প্রমানিক (৪৫) ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রামের হাজী মো. গোলজার রহমান প্রমানিকের ছেলে।
 
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়দের খবরে ওই গ্রামের একটি গাছের বাগান থেকে  তার লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলা ও মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
 
পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে আব্দুর সবুরকে বাড়ি থেকে অজ্ঞাত কয়েকজন ডেকে নিয়ে যায়। তারপর তিনি আর ফিরে আসেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।  পরে স্থানীয়দের খবরে পুলিশ মাওয়াগাড়ি গ্রামের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে।
 
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ