নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ৫ মে। এ নির্বাচনে ১৩০ টি কেন্দ্রের সব কটিতে ইভিএমে ভোট হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ৮ এপ্রিল, বাছাই হবে ১০ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল।
রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত ইসির ৪৬তম বৈঠকে ময়মনসিংহ সিটি নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়। এরপর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ তফসিল ঘোষণা করেন। সচিব বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনে ৪৬টি ওয়ার্ড রয়েছে। এই সিটি করপোরেশনের ১৩০টি কেন্দ্রের সব ক’টিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে ভোট হবে।
দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসাবে গেজেট প্রকাশের পাঁচ মাস পর তফসিল ঘোষণা করলো ইসি। এপ্রিলে এইচএসসি পরীক্ষা রয়েছে। তারপর ৭ মে থেকে রোজা শুরু হতে পারে। পরীক্ষার পর রোজার আগেই ভোটের দিন ঠিক করেছে ইসি।
নির্বাচন উপলক্ষে চলতি বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করে এই সিটি করপোরেশনের এলাকা নির্ধারণ করা হয়। গত ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের দ্বাদশ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার। নব গঠিত ময়মনসিংহ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী প্রশাসকের মেয়াদ হবে সর্বোচ্চ ১৮০ দিন। প্রশাসকের মেয়াদ শেষের আগেই নতুন জনপ্রতিনিধির জন্যে ভোট হতে যাচ্ছে এ সিটির।
গত বছরের ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ময়মনসিংহকে সিটি করপোরেশন করার সিদ্ধান্ত নেয়া হয়।
