ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'এনহ্যান্সিং ক্লাইমেট রিসাইলেন্স প্রাকটিস এন্ড গর্ভানেন্স' শীর্ষক দু'দিনব্যাপী জাতীয় অংশগ্রহণমূলক কর্মশালা শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, লোক প্রশাসন বিভাগ ও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কর্মশালা শুরু হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
স্বাগত বক্তৃতা করেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন, অধ্যাপক ড. আতিক রহমান প্রমুখ।
ড. মো. আব্দুর রাজ্জাক জলবায়ু পরিবর্তন এবং এর বিরুপ প্রভাব মোকাবেলায় বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ, কর্মসূচি ও সফলতার কথা উল্লেখ করে বলেন, 'দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে।'
অধ্যাপক ড. নাসরিন আহমাদ বলেন, 'দুর্যোগ মোকাবেলায় সামগ্রিকভাবে মধ্যম ও দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা দরকার। সঠিক তথ্যের ভিত্তিতে জনসচেতনতা ও জনসম্পৃক্ততার মাধ্যমেই পৃথিবীকে রক্ষা করতে হবে।' -বাসস।
ইত্তেফাক/এসএস
