জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন নিয়ে সকাল-বিকাল সংলাপের কোনো প্রয়োজন নেই। সংলাপ তখনি প্রয়োজন হয় যখন সংকট দেখা দেয়। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন নিয়ে কোনো সংকট নেই।
তিনি বলেন, এখন সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিবাদ ও জঙ্গিদের সঙ্গী বেগম খালেদা জিয়া রাজনীতি করবেন কি করবেন না।
শনিবার কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের টুপি মাথায় দিয়ে বারবার যুদ্ধাপরাধী ও হেফাজতী ইসলামের জঙ্গি তাণ্ডবকে সমর্থন করেছেন। এমনকি তিনি জঙ্গি সন্ত্রাসীদের রক্ষা করার জন্য বিবৃতি-বয়ান দিয়েছেন। খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন তিনি জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক। সুতরাং তিনি গণতন্ত্রের টুপি যতই পডুন, বেগম খালেদা জিয়া আর জঙ্গী আলাদা নয়। আর বিএনপি জঙ্গি উত্পাদনের কারখানা।
ইত্তেফাক/এএম।
