রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবির) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটিসহ দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধন থেকে লিপু হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের দাবি জানানো হয়।
ঢাবি শিক্ষার্থী ইমরান খান বলেন, লিপু হত্যার দশদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রশাসনের উদাসীনতার জন্য লিপু হত্যা তদন্তের কোনো অগ্রগতি হয়নি। তিনি প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাবি শিক্ষার্থী রিংটু বলেন, রাবিতে একের পর হত্যাকাণ্ড ঘটে চলেছে। কিন্তু কোন বিচার হচ্ছে না। তিনি দ্রুত লিপু হত্যার বিচারের দাবি জানান।
জবি শিক্ষার্থী রবিউল সুমন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার সংখ্যা ক্রমশ বাড়তেই আছে।
কোনো হত্যাকাণ্ডের সঠিক বিচার না হওয়ার জন্যই এমনটি হচ্ছে মন্তব্য করে তিনি দ্রুত লিপু হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
উলেখ্য, গত ২০শে অক্টোবর সকালে আব্দুল লতিফ হলের ড্রেনে মোতালেব হোসেন লিপুর লাশ পাওয়া যায়। এই ঘটনা লিপুর রুমমেট মনিরুজ্জামানকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার দেখাতে পারেনি।
ইত্তেফাক/এমআই
