ফোন পেতে নিজেই হয়ে গেলেন ‘আইফোন সেভেন’!

আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ২০:৩৮
অ্যাপলের আইফোন সেভেন পাওয়ার জন্য একদম দাপ্তরিকভাবে নিজের নাম পরিবর্তন করে ফেলেছেন ইউক্রেনের এক ব্যক্তি। নিজের নাম বদলে রেখেছেন ‘আইফোন সেভেন’!
 
ইউক্রেনের একটি ইলেকট্রনিক্স দোকান অফার দেয় প্রথম ওই পাঁচ ব্যক্তিকে আইফোন সেভেন উপহার দেয়া হবে যারা এই পণ্যের নামে নিজেদের নাম পরিবর্তন করে ফেলবেন। ইউক্রেনের ২০ বছর বয়সী অলেক্সান্দার তুরিন বিনা দ্বিধায় নিজের নাম পরিবর্তন করে আইফোন সিম (ইউক্রেনীয় ভাষায় সিম মানে সেভেন বা সাত) রাখেন। ইউক্রেনে একটি আইফোন ৭ এর দাম ৮৫০ ডলার সমমূল্যের। অফার অনুযায়ী মাত্র ২ ডলার সমমূল্যের অর্থের বিনিময়ে শুক্রবার নিজের আইফোন সেভেন বুঝে পেয়েছেন ‘আইফোন সেভেন’।
 
ব্যক্তি আইফোন সেভেন অবশ্য আশা প্রকাশ করেছেন সন্তানের বাবা হওয়ার পরে আবারো নিজের নাম পরিবর্তন করবেন। আইফোন সেভেন’র এই ঘটনায় তার পরিবার প্রথমে বিস্মিত হলেও পরবর্তীতে এই ধারণাকে সমর্থন করেছে। তার বোন তেতিয়া পানিনা বলেন, এটা মেনে নেয়া ও বিশ্বাস করা কঠিন। তবে পৃথিবীতে সবারই নিজেকে ব্যক্ত করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। তাহলে এমন ভাবেই বা কেন নয়? এনডিটিভি।
 
ইত্তেফাক/এসএসএ