নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সরদার নিহত

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১২:৫৪
 
র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ডাকাত সরদার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু (৪২)। এসময় তার কাছ থেকে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
 
রবিবার ভোর পৌনে ৪ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বার্মাষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
 
র‌্যাব-১১ সিপিসি-১ কালীরবাজার ক্যাম্পের অধিনায়ক এএসপি শাহ্ মো. শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর পৌনে ৪ টার দিকে গোদনাইল বার্মাষ্ট্যান্ড এলাকা থেকে ডাকাত সরদার, মাদক ব্যবসায়ী মাস্টার দেলুকে গ্রেফতার করার পর তার আস্তানায় অস্ত্র উদ্ধারে গেলে র‌্যাবকে দেখে দেলু বাহিনীর লোকজন গুলি ছুঁড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে দেলু গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১’শ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলুকে মৃত ঘোষণা করেন। 
 
শিবলী সাদিক আরো জানান, দেলুর আস্তানা থেকে অস্ত্র, গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দেলুর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১’শ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
লাশের সুরতহাল রিপোর্ট করতে আসা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহমুদুল ইসলাম জানান, র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাস্টার দেলু নিহত হয়েছেন। তার লাশের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে দেলুর মরদেহে কয়টি গুলিবিদ্ধ হয়েছে। 
 
এদিকে, সন্ত্রাসী মাস্টার দেলু নিহত হওয়ার সংবাদ পেয়ে ভোর থেকেই তার নির্যাতনের শিকার সিদ্ধিরগঞ্জ এলাকার অনেক মানুষ একনজর তার লাশটি দেখতে মর্গে ভিড় জমাচ্ছে।
 
এর আগে গত একমাসে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে মাষ্টার দেলু’র ৩৬ জন সহযোগী গ্রেফতার হয়। মাদক, সন্ত্রাস, খুন, রাহাজানি, নারী নির্যাতন অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ বিভিন্ন থানায় নিহত মাষ্টার দেলুর বিরুদ্ধে কমপক্ষে ডজনখানেক মামলা রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের একটি বিশ্বস্থ সূত্র।
 
সূত্রমতে, গত ৫ দিন আগে সিদ্ধিরগঞ্জের বার্মাষ্ট্যান্ড এলাকার মৃত মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাঈল হেসেনের বাড়ির দোতলার একটি ফ্ল্যাট ৯ হাজার টাকায় ভাড়া নেন জনৈক আক্তার হোসেন। গত ২৫ অক্টোবর স্ত্রী সন্তানসহ পরিবারের ৫/৬ জন সদস্য নিয়ে ভাড়াকৃত ওই বাসায় ওঠেন মাষ্টার দেলু।
 
 
ইত্তেফাক/কেকে