গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রিজ ভেঙে বালুবোঝাই শ্যালো ইঞ্জিল চালিত পাওয়ার ট্রলি খাদে পড়ে মুন্না মিয়া (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের সৈয়দপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না মিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের নওশা আলম মিয়ার ছেলে ও স্থানীয় সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ।
ফুলছড়ি থানার ওসি আব্দুল খালেক স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘোলদহ থেকে একটি বালুবোঝাই পাওয়ার ট্রলি সৈয়দপুর যাচ্ছিল। পথিমধ্যে স্কুলছাত্র দৌড়ে গিয়ে পাওয়ার ট্রলির পেছন দিক তার উপরে ওঠে। পরে পাওয়ার ট্রলিটি ওই ব্রিজের উপরে উঠলে ব্রিজ ভেঙে ট্রলিটি খাদে পড়ে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে মুন্না মারা যায়।
তিনি আরো জানান, ট্রলিটি উদ্ধারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/কেকে
