ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার লাঞ্ছিত

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৭:১৭
জেএসসি পরীক্ষার ডিউটিকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধিনস্থ উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর রমেন্দ্র নাথ বিশ্বাস। 
 
রবিবার বেলা পৌনে এগারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।  
 
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা জানান, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ডিউটি দেয়া হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধিনস্থ উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসকে। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে কথা বলতে আসেন অফিসে। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। পরে অফিসের অন্যান্য স্টাফরা ছুটে এসে তাকে নিবৃত করেন। উপজেলা প্রাথমিক 
 
শিক্ষা অফিসের অধিনস্থ উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আমি ডিউটি বাতিল করার জন্য একাধিকবার অনুরোধ করেছি। অনুরোধ রক্ষা না করায় তাকে স্যান্ডেল দিয়ে আঘাত ও লাথি মেরেছি। 
 
এ বিষয়ে বেলা ১২টার দিকে উপজেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভা শেষে রমেন্দ্র নাথ বিশ্বাসকে নেশাসক্ত কিনা তা পরীক্ষার জন্য পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
 
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, রমেন্দ্র নাথ বিশ্বাস নেশাসক্ত কিনা তাকে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
 
ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার জানান, রমেন্দ্র নাথ বিশ্বাসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
 
 
 
ইত্তেফাক/এমআই