খুলনায় দুস্থদের চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৭:৩৬
দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের চাল আত্মসাৎ মামলায় খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান ওরফে জিয়া গাজীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
 
রবিবার দুপুরে নগরীর সার্কিট হাউজের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় আরও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। 
 
মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এসএম শামীম ইকবাল জানান, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান গাজী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে চাল আত্মসাতের ঘটনা প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে  আদালতে সোপর্দ করা হয়েছে। 
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ-উল-আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিতরণের জন্য গত ৮ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) গোডাউনে ১৫০ বস্তা চাল কম পাওয়া যায়। এ ঘটনায় গোডাউন সীলগালা করা হয়। বাইরে থেকে চাল এনে ঘাটতি পূরণ ও অনিয়ম ঢাকার চেষ্টা করলে পুলিশ ১৫০ বস্তা চাল জব্দ করে। এ ঘটনায় ওইদিনই ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান গাজীকে আসামি করে মামলা দায়ের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য দুদকে প্রেরণ করা হয়। 
 
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা রাখা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। 
 
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমানের দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান গাজীকে দুদক গ্রেফতার করেছে বলে শুনেছি। তার বিরুদ্ধে গত ২০ অক্টোবর মাছ ব্যবসায়ী শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন বলেও জানান তিনি।
 
 
ইত্তেফাক/এমআই