পদত্যাগের দিনক্ষণ ঠিক করতে থেরেসা মে’র ওপর চাপ বাড়ছে

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০০:৫০

ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট চুক্তি নিয়ে বড় ধরনের সংকটে পড়েছেন। তার পদত্যাগের দাবিতে চাপ ক্রমেই বাড়ছে। এমনকি তিনি নিজেই যেন তার পদত্যাগের তারিখ ঠিক করেন সেই কথাও বলছেন মন্ত্রী-এমপিরা। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে গিয়ে একদল এমপি বিকল্প প্রস্তাব দিতে প্রস্তুতি নিচ্ছেন বলেও গুঞ্জন আছে। প্রধানমন্ত্রী মে তাদের ঠেকাতে চেষ্টা চালাচ্ছেন। ২০১৬ সালে ব্রেক্সিটের পক্ষে গণভোট হলেও কবে এবং কিভাবে ব্রেক্সিট চুক্তি হবে তা নিয়ে সংশয় রয়েছে। দেশটিতেই এই ইস্যুতে মন্ত্রী এবং এমপিদের মধ্যে বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে।

কেবল বিরোধী এমপিরা নন, অনেক মন্ত্রীও প্রধানমন্ত্রীর পদ থেকে থেরেসা মে কে সরে যেতে বলছেন। গতকাল সোমবার মে’র বিভক্ত মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মে বলেছেন, ‘চুক্তি ছাড়া ব্রেক্সিট’ কোনো ভাল বিকল্প নয়। তখন কিছু মন্ত্রী বলেছেন, ব্রেক্সিট একেবারে না হওয়ার চেয়ে ‘চুক্তি ছাড়াই ব্রেক্সিট’ হওয়া ভাল। প্রধানমন্ত্রী মে স্বীকার করেছেন, তৃতীয় ভোটেও জিততে প্রয়োজনীয় সমর্থন তার নেই। তার মুখপাত্র বলেছেন, যতক্ষণ না জয়ের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পার্লামেন্টে ব্রেক্সিট বিল পেশ করা হবে না। গত ১২ মার্চ ১২৯ ভোটে এবং এর আগে ১৫ জানুয়ারি ২৩০ ভোটের ব্যবধানে থেরেসা’র চুক্তি পার্লামেন্টে নাকচ হয়। -বিবিসি ও রয়টার্স