দখলকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন। মার্কিন পররাষ্ট্র নীতিতে এটা বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। খবর রয়টার্স ও বিবিসি’র
আগামী মাসের নির্বাচনে নেতানিয়াহু এই স্বীকৃতির সুবিধা ভোগ করবেন বলে বিশ্লেষকরা বলছেন। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল। কিন্তু এর আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি রাষ্ট্রটি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল যুক্তরাষ্ট্রে সফরে থাকা অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। এমনকি বিলে স্বাক্ষর করা কলমটিও নেতানিয়াহুকে উপহার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে বলেন, এই কলমটি আপনার জনগনের জন্য আমার উপহার। এদিকে ইসরাইলের মধ্যাঞ্চলে তেলআবিবের কাছে রকেট হামলায় সাতজন আহত হয়েছে। সোমবার ফিলিস্তিনের গাজা ভূখন্ড থেকে রকেট ছোঁড়া হয়েছে বলে অভিযোগ ইসরাইলের। এর জবাবে ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। রকেট হামলা এমন সময় হয় যখন ইসরাইলপন্থি আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফায়ার্স কমিটির একটি বৈঠক চলছিল ওয়াশিংটনে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এই সময় বলেন, আমরা ইসরাইলের পাশে আছি। কারণ তাদের বিষয়, আমাদের বিষয়। তাদের মূল্যবোধ, আমাদের মূল্যবোধ এবং তাদের যুদ্ধ আমাদেরই যুদ্ধ।
