নিউজিল্যান্ডে মসজিদে হামলায় সর্বোচ্চ তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০০:৫১

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলায় সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তদন্তে সোশ্যাল মিডিয়ার ভূমিকার বিষয়টিও গুরুত্ব পাবে। তবে অভিযুক্তের শাস্তির ক্ষেত্রে মৃত্যুদন্ড পুন:প্রবর্তন করা হবে না বলে জানিয়েছেন আর্ডেন। খবর বিবিসি’র

১৫ মার্চ মসজিদে হামলার ঘটনা প্রতিরোধে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর আর কী করার ছিল সেই বিষয়ে খতিয়ে দেখবে রয়্যাল কমিশন। এই কমিশনই নিউজিল্যান্ডে নিরপেক্ষ তদন্তের সর্বোচ্চ পর্যায়। সোমবার ওয়েলিংটনে সাংবাদিকদের প্রধানমন্ত্রী আর্ডেন বলেন, এই সন্ত্রাসবাদী ঘটনা কীভাবে ঘটলো এবং আমরা কীভাবে এটি থামাতে পারতাম তা যাচাই করার ক্ষেত্রে কোনো ঘাটতি না রাখা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি প্রশ্ন মাথায় রাখা গুরুত্বপূর্ণ। আগে থেকে ঘটনার বিষয় আমাদের আরো বেশি জানা উচিত ছিল কিনা এবং আমরা জানতে পারতাম কিনা। আর্ডেন বলেছেন, সেমি-অটোম্যাটিক অস্ত্রের সহজলভ্যতার বিষয়গুলোও খতিয়ে দেখা হবে। বন্দুক হামলায় জড়িত থাকার অভিযোগে ২৮ বছর বয়সী স্বঘোষিত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী জঙ্গি ব্রেন্টন টারান্টকে অভিযুক্ত করা হয়েছে।