খুবি ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২২:১৯
নাবিলা রহমান (২১) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 
 
রবিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ছাত্রী হলে এ ঘটনা ঘটে। নাবিলা খুবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। 
 
জানা গেছে, নাবিলা রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ছাত্রী মেসে থাকতেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ওই মেসের একটি কক্ষে গলায় ফাঁস দেন। এ সময় তার মেসের রুমমেটরা কক্ষের বাইরে ছিলেন। তারা মেসে আসার পর কক্ষের দরজা বন্ধ দেখে তাদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
 
নাবিলা রহমান বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের মেয়ে।
 
ইত্তেফাক/ইউবি