সেনবাগের নলদিয়া কেন্দ্রে আবারো ভোট গ্রহণ স্থগিত

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১১:৫২
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আবারো ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ভোট শুরু হওয়ার বেশ কয়েক ঘণ্টা আগেই ভোররাত চারটার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্রে জোরপূর্বক ঢুকে পড়ে। এ সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল আমিনকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যালট পেপার নিয়ে সিল মারেন দুর্বৃত্তরা। এ সময় তারা কেন্দ্রে আসার পথ আশপাশের তিনটি সড়ক কেটে দেয়। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
 
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।
 
জেলা নির্বাচন অফিসার মনির হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, ভোররাতে কেন্দ্র দখল করে সিল মারার অভিযোগে কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
 
পরে সকালে অতিরিক্ত পুলিশ গিয়ে কেন্দ্র থেকে তাদের উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যায়। এর আগে গত ২৮ মে নির্বাচন চলাকালে সহিংসতা ও গোলযোগের কারণে এ কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। কেন্দ্রটির ভোটার সংখ্যা এক হাজার ৫৯৬টি।
 
উল্লেখ্য, সেনবাগ উপজেলার আটটি ইউনিয়নের ২২টি স্থগিত কেন্দ্রের ভোট হচ্ছে। এর মধ্যে উপজেলার ছাতারপাইয়া ও ডমুরুয়া ইউনিয়নে একটি করে ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর উপজেলার কাদরা, অর্জুনতলা,
কাবিলপুর, মোহাম্মদপুর, বীজবাগ ও নবীপুর ইউনিয়নের ২০টি স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ করার কথা ছিল।
 
ইত্তেফাক/এএসএমইউ