ধানমন্ডিতে কাল থেকে চক্রাকার বাস সার্ভিস —সাঈদ খোকন

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০০:৫৪

একদিন পিছিয়ে আগামীকাল ২৭ মার্চ রাজধানীর ধানমন্ডিতে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, ২৬ মার্চ চক্রাকার বাস সার্ভিস চালু করার কথা ছিল। রাষ্ট্রীয় কাজে ওই এলাকায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচল থাকবে। তাই একদিন পিছিয়ে ২৭ মার্চ বেলা ১১টায় ওই এলাকায় চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন করা হবে। গতকাল সোমবার রাজধানীর আজিমপুর কলোনি মাঠে বঙ্গবন্ধু উত্সবের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সাঈদ খোকন বলেন, আমরা তিনটি স্পটে চক্রাকার বাস সার্ভিস চালু করব। প্রথমে রাজধানীর ধানমন্ডিতে এই সার্ভিস চালু করা হবে। এর মাধ্যমে ধানমন্ডি এলাকা এবং অন্যান্য এলাকার মানুষজন সুবিধা পাবেন।

তিনি জানান, এসি/ননএসি বাসের ভাড়া বিআরটিসির তালিকা অনুযায়ী হবে। তবে অন্য যানবাহনের তুলনায় কম হবে। দূরত্ব ভেদে ১০/২০/৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হবে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে  সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও নজরুল ইসলাম বাবুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।