মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ সোমবার এ আদেশ দেয়। বিষয়টি নিয়ে আজ শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন।
এর আগে ২০ সেপ্টেম্বর এ ৮ আসািমর বিরুদ্ধে অভিযোগ দাখিলের জন্য আজ দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। গত ১১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আসামিদের বিরুদ্ধে পূর্ণঙ্গ তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেন।
এ মামলায় গ্রেফতার রয়েছেন- এমপি হান্নান, তার ছেলে মো. রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ (৬৯), মিজানুর রহমান মিন্টু (৬৩), মো. হরমুজ আলী (৭৩)। পলাতক রয়েছেন- মো. ফখরুজ্জামান (৬১), মো. আব্দুস সাত্তার (৬১) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩)।
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুম- এ সাত ধরনের অপরাধের ৬টি অভিযোগ আনা হয়েছে। ২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলা করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক পরে এজাহারটি গ্রহণ করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেয়। তদন্ত সংস্থা ওই বছরের ২৮ জুলাই তদন্ত শুরু করে এবছরের ১১ জুলাই তা শেষ করেন।
২০১৫ সালের ১০ অক্টোবর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে ওইদিনই এমপি হান্নানকে গুলশানে তার বাড়ি থেকে এবং ছেলে রফিক সাজ্জাদকে ওই এলাকার একটি অফিস থেকে গ্রেফতার করা হয়। -বাসস।
ইত্তেফাক/এমআই
