ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ প্রাঙ্গনে মঙ্গলবার থেকে ৩ দিনের নন-ফিকশন বই মেলা শুরু হচ্ছে।
সোমবার বিকালে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। এতে দেশের খ্যাতিমান ২৪টি প্রকাশনা ও গবেষণা প্রতিষ্ঠান মেলায় অংশ নিবে।
বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তা যৌথভাবে এই মেলার আয়োজন করছে।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মঙ্গলবার সকাল ১০ টায় মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে বুধবার সকাল ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে ‘ উচ্চ শিক্ষায় নন ফিকশন বই’শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
এছাড়া ৩ নভেম্বর একই জায়গায় বই মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান।
ইত্তেফাক/ইউবি
