সংবিধান অনুযায়ী জেলা পরিষদ নির্বাচন : ড. হাছান মাহমুদ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৯:১২
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনের আইন করা হয়েছে। 
 
সোমবার বিকালে দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
হাছান মাহমুদ বলেন, বিএনপির ভেতরে এখন নির্বাচন ভীতি কাজ করছে। তাই তারা নির্বাচন বর্জন করছে। জেলা পরিষদ নির্বাচনকে বলছে সংবিধান পরিপন্থী।
 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রবিবার এক সভায় ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, সরকার সারাদেশে যে জেলা পরিষদ নির্বাচন করতে যাচ্ছে তা সংবিধান পরিপন্থী। দেশে এমন কোনো আইন নেই।
 
সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, জঙ্গি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছেন, অথচ বিএনপি এর বিরোধিতা করছে। এ সময় উপস্থিত ছিলেন, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, ডা. রোকেয়া সুলতানা, দেলোয়ার হোসেন প্রমুখ।
 
 
 
ইত্তেফাক/এমআই