সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফ অবমাননার করে আপত্তিকর ছবি পোস্ট করার প্রতিবাদে মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জানান, রবিবারের হামলা-ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে । উপজেলার দত্ত বাড়ির মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় কাজল জ্যোতি দত্ত বাদী হয়ে একটি ও গৌর মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় উপজেলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী বাদী হয়ে আরেক মামলা করেন। উভয় মামলাতেই অজ্ঞাত সহস্রাধিক লোককে আসামি করা হয়। বর্তমানে নাসিরনগরে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে সোমবার বিকালে হামলা ও ভাঙচুরের সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রাফিউদ্দিন আহমেদ।
ইত্তেফাক/ইউবি
