‘সিজিএস তাজউদ্দিন’ ও ‘সিজিএস সৈয়দ নজরুল’ আসছে বুধবার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২০:০১
 
বাংলাদেশ কোস্টগার্ডের বহরে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হচ্ছে অত্যাধুনিক জাহাজ ‘সিজিএস তাজউদ্দিন’ ও ‘সিজিএস সৈয়দ নজরুল’। আগামী বুধবার সকাল ১০টায় নগরীর পতেঙ্গায় কোস্টগার্ডের বার্থে এসে পৌঁছাবে এই দুই জাহাজ। জাহাজ দুটি কেনা হচ্ছে ইতালি থেকে। জাহাজ দুটি সংযুক্ত হওয়ার ফলে কোস্টগার্ডের নৌবহর আরও শক্তিশালী হবে বলে আশা করছেন পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম।
 
সোমবার কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, ২০১৫ সালের ৫ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কোস্টগার্ডের জন্য চারটি জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করে। এরপর ইতালি থেকে ৯৬৩ কোটি টাকা ব্যয়ে চারটি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে প্রথম ধাপে আসা এই দুটি জাহাজ কোস্টগার্ডের পূর্বজোনে সংযুক্ত হচ্ছে। জাহাজ দুটিতে অত্যাধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বলে জানান কোস্টগার্ডের কর্মকর্তারা।
 

ইত্তেফাক/এএম।