বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউপি ভোট ছিল শান্তিপূর্ণ

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ০০:০৯
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৩৯৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন। এর মধ্যে সাধারণ নির্বাচন ৮২, পুনঃভোট গ্রহণ ১৮৯, সমভোট ৬২ এবং ৬৬ ইউপি উপ-নির্বাচনে ভোট হয়। এছাড়া ১৭০টি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হয়। নির্বাচনে সংঘর্ষে বিভিন্ন স্থানে আহত হয়েছেন অর্ধশতাধিক। জাল ভোট দেওয়ার অভিযোগে আটক হয়েছেন কয়েকজন। কয়েকটি স্থানে প্রার্থীরা ভোট বর্জন করেছেন।
 
 ফেনী প্রতিনিধি জানান, ফেনী সদরের ধর্মপুর ইউনয়নসহ জেলার ১১টি ইউনিয়নের ভোট কেন্দ্রে  ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। সোমবার সকাল ও রবিবার রাতে সংঘর্ষে ধর্মপুরের বর্তমান চেয়ারম্যান জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি আজারুল হক আরজুর ২০ সমর্থক আহত হয়েছেন। কেন্দ্র দখলের অভিযোগ করে কয়েকজন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
 
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল সোমবার শালমারার ২টি ও কামারদহের ১টি ভোট কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
 
ভোলা প্রতিনিধি জানান, ভোলা সদরের ইতোপূর্বে স্থগিত হওয়া বাপ্তা ও ধনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের  দু’টি সাধারণ সদস্য ও একটি সংরক্ষিত সদস্য পদে নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। এ  সময় সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। 
 
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের পার্বতীপুরের ১নং বেলাইচন্ডি ইউনিয়নের কইপুল্কি ভোট কেন্দ্রে গতকাল সোমবার সকাল ১১টায় জাল ভোট দিতে গিয়ে দুই মহিলাসহ ১০জনকে আটক করা হয়েছে।
 
বরিশাল (মুলাদী) সংবাদদাতা জানান, ধানের শীষের প্রার্থী ফজলুল হক মনি নির্বাচন বর্জন করেছেন।
 
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের ৩টি উপজেলার বিলুপ্ত ছিটমহলযুক্ত ৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়েছে। বিলুপ্ত ছিটমহলের নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন। 
 
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট জেলার তিনটি উপজেলার অবলুপ্ত ছিটমহল সংযুক্ত ৮টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সেখানে ছিল উত্সবমুখর পরিবেশ।
 
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার সাঁথিয়ার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিম রেজা।
 
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, ৬৮ বছর পর এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দে ভাসছে অবলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়াবাসী।
 
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী বারিকুল ইসলাম স্বপন তালুকদার নির্বাচন বর্জন করেছেন।
 
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ত্রিশালের ৪নং কানিহারী ইউনিয়নের স্থগিত থাপনহালা কেন্দ্রে সংঘর্ষে একজন আহত হয়েছেন।
 
স্টাফ রিপোর্টার, রাজশাহী ও বাগমারা সংবাদদাতা জানান, টান টান উত্তেজনা সত্ত্বেও কয়েকটি বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া  মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
 
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, বিএনপির দুই প্রার্থীসহ ৬ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে ভোট গ্রহণ শেষ হয়েছে।
 
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের ৭নং ওয়ার্ড  ইউপি সদস্য পদের পুন:নির্বাচনে জাল ভোট  দেওয়ায় দুইজনকে আটক করেছে র্যাব-১১।
 
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান, গতকাল সোমবার নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া ও মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুরে দুুইটি কেন্দ্রে আবারও ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
 
খুলনা অফিস জানায়, খুলনায় জাল ভোটের দায়ে লুত্ফার মল্লিক (৩৬) নামে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
ইত্তেফাক রিপোর্ট জাল ভোট ও নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন সাভার সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
 
যশোর অফিস জানায়, যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পাঁচজন আহত হয়েছে।
 
সাতক্ষীরা প্রতিনিধি জানান, স্থগিতকৃত কেন্দ্রে পুনঃভোট গ্রহণের সময় টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নুর ও যুবলীগ কর্মী আব্দুল কাদেরকে হাতেনাতে আটক করেছে র্যাব সদস্যরা। এদিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউপি’র চার কেন্দ্রের পুনঃনির্বাচন ফের স্থগিত করা হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত রাখার এ নির্দেশ দিয়েছে।
 
গাইবান্ধা প্রতিনিধি জানান, হোসেনপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী একেএম আহমেদুল কবীর (নৌকা) জামায়াত-শিবির কর্তৃক ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। অপরদিকে গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়ন পরিষদের স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে আ’লীগ সমর্থিত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
 
পরশুরাম সংবাদদাতা (ফেনী) জানান, ফেনীতে ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সোমবার বিক্ষিপ্ত সংঘর্ষ, বোমাবাজি, কেন্দ্র দখল, জাল ভোটের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থীরা বেলা ১১টার মধ্যে বর্জনের ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
 
 

ইত্তেফাক/এএন