শরণখোলা উপজেলা পরিষদের সামনের খালে জনগুরুত্বপূর্ণ ব্রিজটি হঠাত্ বিধ্বস্ত হওয়ার একবছরেও তা পুনর্নির্মাণ হয়নি। দু’বছর আগে সংস্কার করা ব্রিজটি ভেঙে পড়ায় উপজেলা পরিষদে দাপ্তরিক কাজে আসা মানুষ, এলাকাবাসী ও স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বিড়ম্বনায় পড়ে এখন প্রায় দেড় কি.মি. পথ বাড়তি ঘুরতে হচ্ছে। এলাকাবাসী জানায়, উপজেলা পরিষদের সামনে রায়েন্দা (সদর) ও খোন্তাকাটা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে খালের উপর নির্মিত লোহার স্লিপার ব্রিজটি ২০১৫ সালের ১৯ আগষ্ট সকালে হঠাত্ বিধ্বস্ত হয়। কেউ হতাহত না হলেও এ ঘটনায় এলাকার মানুষ বিপাকে পড়ে। খালটির এক প্রান্তে উপজেলা পরিষদ এবং অন্য প্রান্তে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি এতিমখানা, উপজেলা পশু সম্পদ অফিসসহ রয়েছে জনবসতি। খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জনস্বার্থ বিবেচনা করে অতি দ্রুত ওই স্থানে লোহার ব্রিজের পরিবর্তে একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী জানান, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য ইউনিয়ন অবকাঠামো উন্নয়ন (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) শীর্ষক প্রকল্পের আওতায় ডিপিপিভুক্ত রয়েছে। ইতিমধ্যে মাটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রধান প্রকৌশলী কার্যালয়ে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে চিঠি দেয়া হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ব্রিজ নির্মাণের টেন্ডার দেয়া হবে।
ইত্তেফাক/এএন
