আইএস, আল কায়েদার হুমকিতে দিল্লি, মুম্বাই ও গোয়াতে সতর্ক পুলিশ

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০১:০৩

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদা ভারতে হামলা চালাতে পারে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল্লি, মুম্বাই ও গোয়াতে সতর্ক অবস্থায় রাখা হয়েছে পুলিশকে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সংঘটিত হত্যাযজ্ঞের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে আইএস ও আল কায়েদা। তারা চারদিনের মধ্যে ইহুদি স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে।

গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, সন্ত্রাসীরা হামলায় গাড়ি অথবা ছুরি ব্যবহার করতে পারে। গোয়েন্দা এজেন্সিগুলো এজন্য ইসরায়েলি দূতাবাস, মুম্বাইয়ে কনস্যুলেট জেনারেল, সিনাগগে নজরদারি জোরালো করার তাগিদ দিয়েছে। দিল্লি পুলিশের সূত্র বলেছে, উপাসনালয়গুলোর বাইরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির ওপর সতর্ক ও নিবিড় নজর রাখা হচ্ছে।

প্রথম সতর্ক বার্তা আসে গত ২০ মার্চ। এতে বলা হয়, আইএস ও এর সঙ্গে সংশ্লিষ্ট সেলগুলো হামলার পরিকল্পনা করেছে। দ্বিতীয় সতর্কতা দেওয়া হয়েছে ২৩ মার্চ। এতে ইহুদি স্থাপনা অথবা সিনাগগগুলোতে সম্ভাব্য হামলার কথা বলা হয়েছে।