মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার মহলাল নামক স্থানে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রাজনগর উপজেলার মহলাল এলাকায় প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে এ সংঘর্ষ হলে ঘটনাস্থলে ২জন মারা যান। এলাকাবাসী আহত ৩ জনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। নিহত ৩ জনই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন, একই পরিবারের আপন দুই ভাই মো. আজাদ মিয়া (৩৫) ও আলম মিয়া (২৫)। তাদের বাড়ি মৌলভীবাজার প্রেমনগর চা বাগানে। দুর্ঘটনাকবলিত স্থানে প্রাইভেটকারের চালকসহ কাউকে পাওয়া যায়নি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই
