বরগুনায় ছাত্রীর শ্লীলতাহানী, শিক্ষকের ৩ মাসের জেল

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৭:২৬
বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর শ্লীলতাহানীর অভিযোগে বরগুনা রেডক্রিসেন্ট বিদ্যা নিকেতনের শিক্ষক সালাহ উদ্দিনকে ৩ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দিয়েছেন।
 
রাশেদুল হাসান জানান, বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের সুলতান আকনের ছেলে সালাহ উদ্দিন রেডক্রিসেন্ট বিদ্যা নিকেতনে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কাজ করছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় পঞ্চম শ্রেণির ৪ জন শিক্ষার্থী তার কাছে প্রাইভেট পড়তে আসে। দুজন শিক্ষার্থী চলে যাবার পরে দুজন ছাত্রী তার কাছে প্রাইভেট পড়ছিলো। তাদের মধ্যে একজন শিক্ষার্থীকে কৌশলে বাইরে পাঠিয়ে অন্য ছাত্রীকে শারিরিকভাবে নির্যাতন করেছে অভিযুক্ত শিক্ষক। ভ্রাম্যমান আদালতে ওই শিক্ষক অপরাধ স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
 
বরগুনা থানার এসআই আবু হানিফ জানিয়েছেন, বেলা ১ টার দিকে সালাহ উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন পিপিএম কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমএইচ