গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৭:৩৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার হয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
গ্রেফতারকৃত গোলাম কিবরিয়া পটুয়াখালীর বাউফল উপজেলার গোয়ালিয়া বাঘা মৃত মোতাহার উদ্দিনের ছেলে।
 
দুদকের উপ-পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সামছুল আলম জানান, ত্রাণ ও দরিদ্র তহবিলের ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ১৩ জুন গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নান ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলা করে দুদক।
 
ওই মামলায় কারাগারে আটক এম এ মান্নানকে আগেই গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সিটি করপোরেশনের সামনের রাস্তা থেকে গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়।
 
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গোলাম কিবরিয়াকে দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা খানম শিল্পীর আদালতে হাজির করা হয়। শুনানী শেষে বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
 
ইত্তেফাক/এমএইচ