কুষ্টিয়ায় পরকীয়া প্রেমের জের ধরে স্ত্রীকে কেরাসিন ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে প্রকৌশলী স্বামী এরশাদ হোসেন বিপুকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. বারেকুজ্জামান এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, পরকীয়া প্রেমের জের ধরে ২০০৮ সালের ৬ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী এরশাদ হোসেন বিপু তার স্ত্রী শিখাকে কুষ্টিয়ার হাউজিং এস্টেট এলাকার বাড়িতে গায়ে কেরাসিন ঢেলে পুড়িয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহত শিখার পিতা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে প্রকৌশলী এরশাদ হোসেন বিপু, তার ছোট ভাই ইফতিয়ার হোসেন বিজু ও পরকীয়া প্রেমিকা রাশেদা খাতুনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামি এরশাদ হোসেন বিপুকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার ট্কাা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেন।
মামলায় অপর আসামি দণ্ডপ্রাপ্ত এরশাদের ভাই ইফতিয়ার হোসেন বিজু ও পরকীয়া প্রেমিকা রাশেদা খাতনকে বেকসুর খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে নির্বাক দাঁড়িয়ে ছিলেন। মামলাটি পরিচালনায় সরকার পক্ষে ছিলেন সরকারী কৌশুলি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।
ইত্তেফাক/এমএইচ
