এমন কিছু মানুষ আছেন যারা বিরামহীনভাবে ফেসবুক ব্যবহার করেন। এদেরকে আবার ভালো চোখে দেখেন না তাদের আশেপাশের মানুষরা। কিন্তু শুনে অবাক হবেন যে, বিরামহীনভাবে ফেসবুক ব্যবহারে দীর্ঘ জীবন লাভের সম্ভাবনা বেড়ে ব্যবহারকারীদের!
পিএনএএস নামের জার্নালে প্রকাশিত এক গবেষণা ফলাফলে উঠে এসেছে এই তথ্য। ওই গবেষণা ফলাফল বলছে, ফেসবুকেই লুকিয়ে রয়েছে জীবনের নির্যাস। বেশি মাত্রায় ফেসবুক ব্যবহার করলে বাড়বে আয়ু।
তবে এখানে আরেকটা শর্তও আছে। শর্তটা হল কেবল এবং কেবলমাত্র ভার্চুয়াল পরিসরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করলেই চলবে না; বাস্তবেও বজায় রাখতে হবে সামাজিকতার চর্চা।
এ ব্যাপারে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর গবেষক উইলিয়াম হবস জানিয়েছেন, 'ফেসবুক এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে সামাজিকতা বজায় রাখা স্বাস্থ্যের পক্ষে ভাল। এতে শরীর এবং মন দুইই ভাল থাকে। কিন্তু গোটা বিষয়টি কেবলমাত্র ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে আটকে রাখলে হবে না। বাস্তবেও সামাজিকতা করতে হবে। তবেই মিলবে উপকার।'
ছ’মাস ধরে ওই সমীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, যারা ফেসবুকে দৈনন্দিন সময় কাটান তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। বন্ধুদের সঙ্গে বার্তালাপ কিংবা ফেসবুকে মনের কথা লেখা, এই প্রতিটি বিষয়ই মন হালকা করতে বেশ সাহায্য করে।
পাশাপাশি, বন্ধুতা বজায় রাখতে সাহায্য করে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আর তাই জীবনকে সতেজ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট।
ইত্তেফাক/এএম
