ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৫:২৭
ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মূর্তি ভাঙচুরের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ করেছে বাংলাদেশিজ এগেইনস্ট ফান্ডামেন্টালিজম নামে একটি সংগঠন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সর্বস্তরের মানুষের এই সমাবেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অপরাধীদের বিচারের আহ্বান জানানো হয়।
 
সমাবেশে স্বাগত বক্তব্যে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, ‘স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা একই চিত্র দেখে আসছি। কিছু হলেই হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। এটি বন্ধ করতে হবে। তিনি বলেন, মৌলবাদী মহল সরকারের ভাবমূর্তি নস্যাৎ করার জন্যে এটি করছে, সরকারকে এটি বুঝতে হবে।’
 
এ প্রসঙ্গে তিনি বিএনপির বিবৃতির প্রসঙ্গ টেনে বলেন, ওই বিবৃতিতে ঘটনার জন্যে সরকারকে দায়ী করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে সরকারকে প্রমাণ করতে হবে কারা এ ঘটনার জন্যে দায়ী।
সমাবেশের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক ও লেখক শিতাংশু গুহ বলেন, `হিন্দুদের উপর আর কত অত্যাচার হলে সরকারের হুঁশ হবে?' তিনি প্রশ্ন রেখে বলেন, `সন্ত্রাস দমনে সরকার জিরো টলারেন্স নীতি প্রশংসনীয়, কিন্তু সংখ্যালঘু নির্যাতন বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছেন না কেন?'
 
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যপ্টারের সভাপতি ফাহিম রেজা নূর বলেন, `ধর্ম-নির্বিশেষে সবাই মিলে আমাদের মৌলবাদ ঠেকাতে হবে।'
 
সাংস্কৃতিক কর্মী গোপাল স্যানাল বলেন, `আজ পর্যন্ত সংখ্যালঘুর উপর অত্যাচারের কোনো বিচার হয়নি। আমরা জানতে চাই হিন্দুরা বাংলাদেশ থাকতে পারবে কী না?'
 
সমাবেশের অন্যতম উদ্যোক্তা স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক নিনি ওয়াহেদ, নমিতা মুখার্জী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওবায়দুল্লাহ মামুন, রমেশ নাথ, লুৎফুন্নাহার লতা, খোরশেদুল ইসলাম,  অবিনাশ আচার্য্য ও রবীন্দ্রনাথ সরকার প্রমুখ বক্তব্য দেন।
 
ইত্তেফাক/এএসএমইউ