বিশ্বের সর্ববৃহৎ ‘হাকা’ নৃত্য পরিবেশনের দাবি নিউজিল্যান্ডের স্কুল শিক্ষার্থীদের

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৭:৫৯
নিউজিল্যান্ডের প্রায় ৭ হাজার ক্ষুদে স্কুল শিক্ষার্থী বুধবার একসঙ্গে হাকা নৃত্য করার দাবি জানিয়েছে। এটিই ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক লোকের এক সঙ্গে করা হাকা নৃত্য দাবি করা হচ্ছে।
 
হাকা নিউজিল্যান্ডের আদিবাসীদের এক ধরনের নৃত্য। জোরে জোরে পা ফেলে ও চিৎকার করে ঐতিহ্যবাহী এই নৃত্য পরিবেশন করতে হয়। যুদ্ধে যাবার আগে এই নাচ করা হয়। এটি মাউরি ওয়ার ড্যান্স নামেও পরিচিত। ওয়েলিংটনের বাইরে মাস্টারটন পার্কে শিশুরা এই হাকা নৃত্য পরিবেশন করে। এই নাচে পারদর্শী স্থানীয় বিচারকরা অনুষ্ঠানটি খুঁটিয়ে দেখেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য এর আয়োজন করা হয়।
 
২০১৪ সালে বর্তমান রেকর্ডটি করা হয়। ফরাসি রাগবি ক্লাব সিএ ব্রাইভ কোরেজ লিমোজিনের মাঠে হাকা নৃত্যটি পরিবেশন করা হয়। বুধবারে প্রায় ৭ হাজার শিশু নৃত্যে অংশ নেয়। যদিও এই সংখ্যাটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। 
 
মাস্টারটন ইন্টারমিডিয়েট স্কুলের প্রিন্সিপাল রাসেল থম্পসন বলেন, মাতৃভূমিতে হাকা নৃত্যের রেকর্ডটি ফিরিয়ে আনা জাতীয় গৌরবের বিষয়। এক সময়ে যুদ্ধের ময়দানে এই নৃত্য পরিবেশন করা হতো। কিন্তু এখন বিয়ে ও শেষকৃত্য অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানেও এটি পরিবেশন করা হয়। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ