২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ধোনিকে ভারতের অধিনায়ক হিসেবে চান কারস্টেন

আপডেট : ০২ নভেম্বর ২০১৬, ১৯:০৬
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে দেখতে চান দেশটির সাবেক কোচ ও দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় গ্যারি কারস্টেন। মঙ্গলবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ধোনির পক্ষে কথা বলেন তিনি। 
 
অধিনায়ক ধোনির সঙ্গে কোচ কারস্টেনের যুগলবন্দীতে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ভারত। তাই ধোনিকে কাছ দেখার সুযোগ ঘটেছে কারস্টেনের। তার চোখে ধোনিই সেরা অধিনায়ক। তিনি বলেন, ‘আমি যত অধিনায়কের সাথে কাজ করেছি তার মধ্যে ধোনিই সেরা। সে নিজেকে ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের তালিকায় সবার উপরে নিয়ে গেছে। এই নিয়ে কোন সন্দেহ নেই। তার নেতৃত্বে দুটি (টি টোয়েন্টি বিশ্বকাপ) বিশ্বকাপ জিতেছে ভারত। ব্যাটসম্যান হিসেবেও ধোনি অসাধারণ। গত নয় বছর ব্যাটসম্যান হিসেবে ভারতের হয়ে তার রেকর্ড সেই প্রমাণই দেয়।’
 
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ধোনির অধিনায়কত্বে পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র। এসব কথা পাত্তা না দিয়ে কারস্টেন বলেন, অধিনায়কত্ব থেকে সরালে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজ ঝুঁকিতেই সরাতে হবে। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, দুর্দান্ত সব খেলোয়াড়রা ক্যারিয়ারের শেষ পর্যন্ত দারুণ সব পারফরমেন্স করেছে। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপেও ধোনি যে দুর্দান্ত পারফরমেন্স দেখাবে না, তা কে জানে!! সে দারুণ অধিনায়ক, তার দ্বারা সবই সম্ভব। দলের সাফল্যের জন্য দারুণসব সিদ্ধান্ত তার মাথায় কাজ করে।’ 
 
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে চার নম্বরে ব্যাটিং করেন ধোনি। তার ব্যাটিং অর্ডার নিয়েও কথা বলেন কারস্টেন, ‘সে যেকোনো পজিশনেই খেলতে অভ্যস্ত। তার ব্যাটিং গড় ৫০-এর উপরে ছিল। টার্গেটে খেলার সময় আমি পছন্দ করতাম ১শ’ রান বাকি থাকতে ধোনি ক্রিজে যাক এবং ম্যাচ শেষ করুক। ওই পরিস্থিতিতে বিশ্ব সেরা ব্যাটসম্যান ধোনি।’ 
 
ভারতের বর্তমান কোচ অনিল কুম্বলেকে নিয়েও কথা বলেন কারস্টেন, ‘চমৎকার মানুষ কুম্বলে। তার সাথে অল্প-স্বল্প কাজ করেছি। টিম ভারতীয় দলে একজন ভারতীয়কে হেড কোচ হিসেবে দেখে ভালো লাগছে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
ইত্তেফাক/এসএসএ