আদমদীঘিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক ও জনপথের অভিযান

আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ০২:৩০
বগুড়া-নওগাঁ মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় রাস্তার দুই পাশে  নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু  হয়েছে। গতকাল বুধবার সকালে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলামের নেতৃত্বে আদমদীঘির পূর্ব ঢাকা  রোড, পশ্চিম সিংড়া ও ইন্দইল এলাকায় অবস্থিত ইত্তেহাদ প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজের প্রাচীর থেকে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
 
অভিযানে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, র্যাব-১২ ও বগুড়া-৪ এর আর্মড পুলিশসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগের রাস্তায় অবৈধভাবে দখল করা সব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। উল্লেখ্য, এই মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকা  রোড থেকে পশ্চিম ঢাকা  রোডসহ সান্তাহার এলাকায় অবৈধভাবে দখল করা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ মাইকিং করে প্রচার করা হলেও তা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
 
ইত্তেফাক/এএন